দেশে মানবাধিকার পরিস্থিতি ভাল:কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে মানবাধিকার পরিস্থিতি ভাল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বাংলাদেশ কঠোরভাবে জঙ্গিবাদ মোকাবেলা করেছে।

রবিবার(১৬ জানুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার  বিদায়ী সাক্ষাৎ করেন।  সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সাক্ষাৎকালে দুদেশের কৃষি, অর্থনীতি,  বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু  এবং সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। এ সময় মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাচে মেগান ফ্রান্সিস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইউএসএর মধ্যে কৃষিখাতে সম্পর্ক দীর্ঘদিনের। ইউএসএ বাংলাদেশের কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) উন্নয়নে বেশ সহযোগিতা করেছে। বাংলাদেশ গত ৫০ বছরে কৃষি উৎপাদনে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, অনেকক্ষণ ধরে কথা বলেছি। তারা বলেছে, যুক্তরাষ্ট্র সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকে শাস্তি দেওয়ার জন্য নয়, সতর্ক করার জন্য করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকারের বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ সফলভাবে জঙ্গি দমন করতে পেরেছে বলে তারা প্রশংসা করেছেন।  

মন্ত্রী বলেন, ‘আমি তাদের বলেছি, আমাদের দেশে মানবাধিকার পরিস্থিতি ভাল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বাংলাদেশ কঠোরভাবে জঙ্গিবাদ মোকাবেলা করেছে।  কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর হয়তো ভুল করেছে, সেজন্য  ১৯০ জন র্যাাব কর্মকর্তার শাস্তি হয়েছে। বিষয়টি নিয়ে  রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে ফিরে  সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলবেন। যাতে দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ’

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে যে ফল আসবে সেটা যদি আমাদের বিরুদ্ধেও যায়, তা আমরা গ্রহণ করবো। একটা সিটি নির্বাচনে হেরে গেলে কিছু যায়-আসে না। কিন্তু জনগণের বিজয় হবে।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার বলেন, বাংলাদেশ ও ইউএসএর মধ্যে কৃষিখাতে গভীর সম্পর্ক বিদ্যমান। দুদেশের মধ্যে কৃষি বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন ইউএসএর কৃষি পণ্যের ২৬তম বাজার। সামনের দিনগুলোতে কৃষিখাতে সম্পর্ক ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।