সীমান্তের প্রতিদিন কত কত ঘটনা ঘটে যায়। যার বেশিরভাগ ঘটনা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাজশাহীর এক এলাকার কিশোর গ্যাং আরেক এলাকার প্রভাবশালী মাদক কারবারি একচেটিয়া আধিপত্যে বড়সড় বাঁধা সৃষ্টি করে। কিশোর গ্যাংকে ধরার জন্য বিশ্বস্ত ইনভেস্টিগেটিভ অফিসারকে কাজে লাগায় প্রভাবশালী মাদক কারবারি। সাপলুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলা শুরু হয়।—এমনই একটি খাঁটি র-গল্প নিয়ে নির্মিত হয়েছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’।
এ বছরের প্রথম অরিজিনাল সিরিজ হিসেবে বিশ্বব্যাপী দেশীয় স্ট্রিমিং প্লাটফর্ম চরকির পর্দায় সেটি মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। মজার ব্যাপার হলো, শাটিকাপ-এর অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর স্থানীয়। সেইসঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই। তাই শাটিকাপকে শতভাগ লোকাল সিরিজ বলছে চরকি। তবে স্ট্রিমিংয়ের পর পরই দারুণ প্রশংসা পাচ্ছে সিরিজটি। আর সেটা অঞ্চল ভেদে নয়, প্রশংসা করছেন সব অঞ্চলের দর্শক। আহসাবুল ইয়ামিন রিয়াদ, ওমর মাসুম, অমিত রুদ্র, নাজমুস সাকিব, শাহ আসিফ আহমেদ, ওয়াসিকুল ইসলাম রমিত, সাজিয়া খানম, গালিব সর্দার—এ রকম ১৩৭ জন অভিনেতা আছেন এই সিরিজটিতে। নামগুলোও পরিচিত না। এমন একটি নাম না জানা দল, শত পরিশ্রম ও ত্যাগ দিয়ে নির্মাণ করা হয়েছে ‘শাটিকাপ’।
সিনেমা নিয়ে দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্ট্যাডিজ থেকে পড়ালেখা করা রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম। সবার কাছে পরিচিত শাইক নামেই। তিনি পরিচালনা করেছেন থ্রিলারধর্মী এই সিরিজটি। গল্প আর নির্মাণের মুন্সিয়ানা থাকলে যে, তারকা-শিল্পী বা ব্র্যান্ড পরিচালক দরকার হয় না তারই প্রমাণ দিলো শাটিকাপ।