চারঘাটে সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হাসান মতিউর নামে এক কর্মকর্তা। সংস্থার এরিয়া ম্যানেজার রেজাউল করিম বাদী হয়ে প্রতারণা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ব্র্যাকের চারঘাট শাখার ক্রেডিট অফিসার মতিউর রহমান কয়েকশ সদস্যের কিস্তির টাকা অফিসে জমা না দিয়ে আত্মসাত্ করার লক্ষ্যে নিজের কাছে রেখে দেন। বিষয়টি এরিয়া ম্যানেজার রেজাউল করিম জানতে পেরে বৃহস্পতিবার ক্রেডিট অফিসার হাসান মতিউরকে আসামি করে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।
চারঘাটে অপহরণকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার
চারঘাটে মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ছয় অপহরণকারী। এ বিষয়ে অপহূত ব্র্যাক কর্মকর্তা হাসান মতিউর রহমান গ্রেপ্তারকৃত ৬ জনসহ ১৫ জনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় অপহরণ মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক চারঘাট শাখার কর্মকর্তা হাসান মতিউর রহমানকে অপহরণ করা হয়। অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা অপহূত কর্মকর্তার পরিবারের নিকট ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে মুক্তিপণের ২৪ হাজার টাকা পরিশোধ করা হলেও ওই কর্মকর্তাকে মুক্তি দেওয়া হয়নি। এরপর অপহূত হাসানের পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন। পরে মুক্তিপণের টাকা নিতে অপহরণকারী চক্রটি বৃহস্পতিবার চারঘাট উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। এমন সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চারঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে।
এসময় তাদের বহনকারী সাদা রঙয়ের ঢাকা মেট্রো-চ-১৩-৬০৫৩ নম্বর মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে অভি, তালাইমারী এলাকার নবির উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম, ভদ্রা এলাকার কবির উদ্দিনের ছেলে পলাশ আলী, পদ্মা আবাসিক এলাকার আজাহার আলীর ছেলে নাহিদ আলী, কাটাখালী থানার দেওয়ানপাড়া গ্রামের শমসের মোল্লার ছেলে আমজাদ হোসেন ও চারঘাট থানার ধর্মহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে আদনান আলী। ওসি জানান, অপহরণকারী চক্রের আরও কয়েক সদস্যকে গ্রেপ্তার করতে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।