'শাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিবে না'

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিবে না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে এমনটাই বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাবি ক্যাম্পাসে এসে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে তিনি এ কথা জানান।

এসময় তিনি আরো বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয়ভার পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বহন করবেন বলে আমাকে জানিয়েছেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তাদের গণস্বাক্ষর কর্মসূচিতেও অংশ নেবেন বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের এই নেতা। এ আন্দোলনে যাতে কোন অপশক্তি অনুপ্রবেশ না করে সেজন্য শিক্ষার্থীদের সজাগ থাকতে বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ চৌধুরী।

এর আগে, এসকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন।