সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এখন দেশজুড়ে আলোচনার তুঙ্গে। গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ ও তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছেন। আবাসিক হলের পানি, সিট, ইন্টারনেট, খাবারসহ বেশ কিছু সমস্যা নিয়ে শিক্ষার্থীরা প্রভোস্টের সঙ্গে আলাপ করতে চাইলেও তিনি অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাক্রমের তৃতীয় দিনে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা। এই হামলা যেন আগুনে ঘি ঢেলে দেয়। ছাত্রীদের দাবিদাওয়ার আন্দোলনে যুক্ত হন ছাত্ররাও। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মাস সময় চাইলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
ধারাবাহিক বিক্ষোভ চলাকালে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। উপাচার্যকে মুক্ত করতে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং এ ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরে এ আন্দোলন উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। দাবি পূরণ না হওয়ায় গতকাল বুধবার থেকে আমরণ অনশনে বসেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালেই হঠাৎ একটি বিষয় সবার নজর কেড়েছে গতকাল। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শাবির মেইনগেটে অধ্যাপক ড. লায়লা আশরাফুনসহ শাবি শিক্ষকদের একাংশ এসে মানববন্ধনে দাঁড়ান। সেখানে নিজেদের 'বুদ্ধিজীবী শ্রেণির অন্তর্ভুক্ত' দাবি করে অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, আমরা সম্মানটুকুর জন্যই শিক্ষকতা পেশায় এসেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের সম্পর্কে অশালীন মন্তব্য করা হচ্ছে দাবি করে তিনি বলেন, 'আমরা কোনো চাষাভুষা নই যে আমাদের যা খুশি তাই বলবে।'
তবে এ দাবি নাকচ করে আন্দোনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলনকারীরা শিক্ষকদের নিয়ে এসব লেখা কোথাও লিখছি না। হতে পারে, তাদের মধ্যে থেকে এসব করা হচ্ছে যেন আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া যায়।
অধ্যাপক ড. লায়লা আশরাফুনের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উল্টো তা নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এ নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। আন্দোলনকারীরাও যেন কম যান না। এই মন্তব্যের পাল্টা জবাব হিসেবে তারা ধারণ করেছেন নতুন স্লোগান, বেছে নিয়েছেন প্রতিবাদের ভিন্ন ভাষা। শাবি ক্যাম্পাসের অভ্যন্তরের গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে লেখা হয়েছে, 'আমরা সবাই সাস্টিয়ান, চাষাভুষার সন্তান'।
শাবিপ্রবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আরিফুল হাসান শুভ জানান, সম্ভবত বুধবার রাতেই যাত্রী ছাউনিতে এই 'চিকামারা' হয়েছে। এরপর এটি চলমান আন্দোলনের নতুন স্লোগানে রূপ নিয়েছে। বৃহস্পতিবার দিনভর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মুখে এই স্লোগান শোনা গেছে।