জাবি ক্যাম্পাসে আবারও ফিরেছে পরিযায়ী পাখিরা

করোনা পরিস্থিতি বন্ধ সশরীরে ক্লাস। সড়কে নেই ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। চলছে হাতেগোনা কয়েকটি সাধারণ রিকশা। বেপরোয়া মোটরসাইকেল আর গাড়ির সংখ্যাও কম। আবার করোনার সংক্রমণ ঠেকাতে দর্শনার্থীদের প্রবেশাধিকারও সংরক্ষিত। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিত্র বদলে গেছে। অন্য দিকে সড়কে যানবাহনের শব্দ আর দর্শনার্থীদের পদচারণা কম থাকায় বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে ফিরে এসেছে পরিযায়ী পাখিরা। 

জানা যায়, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর আহত হওয়ার জেরে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সব ইঞ্জিনচালিত যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে না। শুধু বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সাধারণ রিকশা চলাচল করতে পারবে। তবে সাধারণ রিকশার সংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্ধের দিন বাদে অন্য দিনগুলোতে দুটি বাস সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পৃথক দুটি রুটে চলাচল করছে। অন্য দিকে করোনা সংক্রমণ বাড়ায় সশরীরে ক্লাস বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত পরীক্ষা ও ল্যাব স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হচ্ছে। 

শীতের শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। গত বছরের নভেম্বর মাসের শেষে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো ভরে ওঠে এদের বিচরণে। কিন্তু দর্শনার্থীদের ‘উৎপাত’, যানবাহনের শব্দ, জলাশয়ের অব্যবস্থাপনা ও ক্যাম্পাস তুলনামূলক বেশি কোলাহল থাকার ফলে সঠিক সময়ের আগেই চলে গিয়েছিল তারা। গত কয়েক দিন ক্যাম্পাসে যানবাহনের শব্দ ও দর্শনার্থীদের পদচারণা কম থাকায় আবার ফিরে এসেছে। 

এ বিষয়ে পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় কোলাহলপূর্ণ থাকায় অন্য বছরের তুলনায় অনেক আগেই অতিথি পাখি চলে গিয়েছিল। তবে গত কয়েক দিন ক্যাম্পাস অনেকটা কোলাহলমুক্ত থাকায় পাখিরা আবার ফিরে এসেছে। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান ইত্তেফাককে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করায় ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এখন সবাই নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। এখন সাধারণ রিকশা খুঁজছি, পাশাপাশি যেসব সাধারণ রিকশার নিবন্ধন রয়েছে, তাদের ডেকেছি।’