অবশেষে মরণোত্তর সম্মাননা পেয়েছেন ভাষা সৈনিক শহীদ এম,এ গফুর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমএনএ শহীদ এম,এ গফুরকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। গত বৃহস্পতাির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে শহীদ এম,এ গফুরের পরিবারের সদস্যদের নিকট এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ স.ম. বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন এম,এ গফুরের ছেলে আনোয়ার জাহিদ রবিন ও মেয়ে তামারা হক ছন্দা। উল্লেখ্য, এম,এ গফুর ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ঘিরে গঠিত খুলনা জেলা ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি ১৯৭০ সালে পাইকগাছা-আশাশুনি নির্বাচনী এলাকা থেকে এম.এন.এ নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের অন্যতম সংগঠকও ছিলেন। তিনি ১৯৭২ সালের ৬ জুন আততীয়দের গুলিতে নিহত হন।