নকলা উপজেলার ব্যবসায় প্রসিদ্ধ চন্দ্রকোনা বাজারে শুক্রবার ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি কৃষিপণ্যের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নকলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চন্দ্রকোনা বাজারের শহিদুল ইসলামের পাটের গুদামে শুক্রবার ভোর ৫টায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে ঐ বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও রানা মেম্বারের ৩টি কৃষিপণ্যের গুদামের বিপুল পরিমাণ পাট, ধান, সরিষা, মাষকলাই পুড়ে গেছে। এ ছাড়া রবিন মিয়ার একটি গুদামেও আগুনে আংশিক ক্ষতি করে।
নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আনুমানিক এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুরের ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ জানান, আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি।