শিগগিরই দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য কারওয়াকে একসঙ্গে দেখতে যাচ্ছে দর্শকরা। ‘গেহরাইয়ান’ শিরোনামের একটি হার্ড-হিটিং রোমান্টিক সিনেমায় অভিনয় করছেন তারা। সম্প্রতি ট্রেলার প্রকাশ করে সিনেমাটির গল্প এবং তারকাদের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন নির্মাতা শাকুন বাত্রা।
ট্রেলারটি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘জীবন, প্রেম এবং পছন্দ! এমন সব অভিজ্ঞতা অর্জনের জন্য প্রস্তুত হন! এখনই ট্রেলারটি খুঁজে দেখে নিন।’ এছাড়া সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে দীপিকা পাডুকোন আরো বলেন, ‘গেহরাইয়ানে আলিশা হয়ে আসছি। চরিত্রটি আমার খুবই পছন্দের এবং এ যাবৎ পর্দায় উপস্থাপন করা চ্যালেঞ্জিং চরিত্রগুলোর মধ্যে একটি। এমন মজাদার এবং চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি গর্বিত। সিনেমাটির চরিত্রগুলো বাস্তব এবং জীবন ঘনিষ্ঠ। আমরা চেষ্টা করব চরিত্রগুলোকে পর্দায় আরো বাস্তব করে তুলতে। যখন সম্পর্ক এবং মানবিক আবেগ নিয়ে কাজ করার কথা মাথায় আসে তখন শাকুন সত্যিই সেই গল্পটি রূপায়ণ করাতে নিজের দক্ষতার পরিচয় দেন।’
উল্লেখ্য, আগামী ১১ ফ্রেব্রুয়ারি মুক্তি প্রতীক্ষিত সিনেমাটিতে নাসিরউদ্দিন শাহ এবং রজত কাপুর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।