রাণীনগরে ধানের সঙ্গে এ কেমন শত্রুতা!

রাণীনগরে পূর্বশত্রুতার জেরে মত্স্যজীবীদের রোপণকৃত কয়েক বিঘা জমির ধান নষ্ট করেছে কতিপয় দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনছুরে।

এ ঘটনায় রাণীনগর থানা ও উপজেলা ভূমি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনছুরের খাস জমি সরকারি চেকের মাধ্যমে হরিশপুর গ্রামের মত্স্যজীবীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। চলতি ইরি-বোরো মৌসুমে ধান রোপণের পর নিয়মিত জমির পরিচর্যা করে আসছেন ভোগদখলকারীরা। পূর্বশত্রুতার জের ধরে মিরাট উত্তরপাড়ার লোকজন শুক্রবার রোপণকৃত কয়েক বিঘা জমির ধান পা দিয়ে মাড়িয়ে ও উপড়ে ফেলে নষ্ট করেছে। এতে করে ওই কৃষকরা আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছে। মত্স্যজীবী সমিতির সভাপতি মাহফুজুল হকসহ স্থানীয়রা বলেন, উপজেলা মিরাট ইউনিয়নের বিল মুনছুরের খাস জমি সরকারি চেকের মাধ্যমে হরিশপুর গ্রামের মত্সজীবীরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। চলতি ইরি-বোরো মৌসুমে ধান রোপণের পর নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। এরই মধ্যে পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের কতিপয় লোক প্রকাশ্যে রোপণকৃত কয়েক বিঘা জমির ধান পা দিয়ে মাড়িয়ে ও উপড়ে ফেলে নষ্ট করেছে। এ বিষয়ে থানা ও উপজেলা ভূমি অফিস বরাবর একটি অভিযোগ দিয়েছি। সহকারী কমিশনার টুকটুক তালুকদার বলেন, এই বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। যারা বিলের আশেপাশে বসবাস করে তাদের জন্য অগ্রাধিকার রয়েছে। কিন্তু অন্য এলাকা থেকে এসে বিলের জমি দখল করে কেউ ব্যবহার করার অধিকার রাখে না। আর এটি সম্পূর্ণ  সরকারি জায়গা। সরকার এখনো পর্যন্ত এই জমিগুলো কাউকে লিজ দেয়নি। যদিও এর আগে লিজ দেওয়া হয়েছিল তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি সরেজমিনে গিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।