চেন্নাইয়ের সঙ্গে যেখানে কুমিল্লার মিল দেখছেন ডু প্লেসি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেটির গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনের অন্যতম কারিগর দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। তিনি এবার প্রথমবারের মতো বিপিএল মাতাতে এসেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলবেন ফাফ ডু প্লেসি। এরই মধ্যে সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছেন। মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবেন এই প্রোটিয়া।

তার আগে আজ শুক্রবার মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডু প্লেসি। জানিয়েছেন কুমিল্লার সঙ্গে না কি চেন্নাইয়ের মিল রয়েছে। তিনি বলেন, ‘দুই দলের মধ্যে সাদৃশ্য দেখেছি। যেমন দুই দলই চ্যাম্পিয়ন। নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে। তাই আমার জন্য এখানে (বিপিএল) খেলার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল।’

বাংলাদেশে আসার পর থেকেই কুমিল্লার সঙ্গ বেশ উপভোগ করছেন তিনি। বিপিএলের অভিজ্ঞতাও ভালো হবে বলে প্রত্যাশা করছেন। ডু প্লেসি বলেন, ‘আমি মাত্রই এসেছি, দলটাও খুব স্বাচ্ছন্দ্যের। আশা করছি, বিপিএল অভিজ্ঞতা ভালো হবে।’