শাবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন

নানা মারা গেছেন, তবু অনশন ভেঙে বাড়ি যেতে চান না রুবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত এক শিক্ষার্থীর নানা মারা গেছেন। বাড়ি থেকে খবর এসেছে, শেষবারের মতো নানাকে দেখতে হলে বাড়ি যেতে হবে। কিন্তু দুইদিনের অনশনে রুবি (ছদ্মনাম) এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, বাড়িতে যেতে চাইলে অ্যাম্বুলেন্সে শুয়ে যেতে হবে তাকে।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর রুবির নানা মারা গেছেন।

দুইদিন ধরে না খেয়ে অনশনে থাকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই শিক্ষার্থীকে। রক্তচাপ কমে গেছে। বাড়ি থেকে ভাই এসেছেন তার অনশন ভাঙিয়ে তাকে নিয়ে যেতে। ভাইকেও ফিরিয়ে দিয়েছেন তিনি।

রুবির সহপাঠীরা জানান, তিনি এখনো উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে অটল রয়েছেন। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করলে তবেই তিনি অনশন ভাঙবেন বলে যেন পণ করেছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত ২৩ জন অনশনরত শিক্ষার্থীর মধ্যে গুরুতর অসুস্থতার কারণে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এই শিক্ষার্থীও একজন। গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে অনশন চালিয়ে যাচ্ছেন তারা।