বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়ানো শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী শিক্ষাবিদ প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রাম চন্দ্র দাস এবং কর্নেল জিএস ডিজিএফআই বরিশাল জি এম শরিফুল ইসলাম। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তাদেরসহ সমগ্র বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন, সুশীলসমাজ এবং গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ববি উপাচার্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিশ্ববিদ্যালয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।