চকবাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নিহত ও আহতদের সুচিকিত্সা ও ক্ষতিপূরণ প্রদানের জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সিপিবি নেতৃদ্বয় বলেন, ৮ বছর আগে পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ১২০ জন মানুষের মৃত্যুর পর সরকার ও রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল ঘনবসতিপূর্ণ ও আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার ও কর্তৃপক্ষ সে কথা রাখেনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়ে নজরদারিতে চরম গাফিলতি প্রদর্শন করেছে। অপর দিকে গাড়িতে ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহকারী সিলিন্ডারসমূহ অনিরাপদ ও নিম্নমানের হওয়ায় প্রতিনিয়ত বিস্ফোরণের ঘটনা ঘটছে। বিবৃতিতে তারা আরও বলেন, চকবাজারের ঘটনা এ দুটি ত্রুটির সংযোগেই ঘটেছে।
এ দিকে সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন ও সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গত বৃহস্পতিবার চকবাজারের চুড়িহাট্টায় যান। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। অপর দিকে নিহতদের পরিবারবর্গ এবং আহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কাজ চালানোর জন্য সিপিবির প্রধান কার্যালয় মুক্তিভবন, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টনে ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।