ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে আদালতে গ্রামবাসীদের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বহরমপুরে ‘চোরাই’ গরু নিয়ে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দিয়েছে গ্রামবাসী। থানায় মামলা না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছে বলে জানিয়েছে। বুধবার হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খানের আদালতে মামলার অভিযোগপত্রটি জমা দেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক। রবিবার এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৬ সদস্যের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম বাদী হয়ে আলাদা ৩টি মামলার অভিযোগপত্র দাখিল করেন। গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে ‘চোরাই’ অভিযোগে একটি গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিজিবির গুলিতে ৩ জন নিহত হয়।