বৃহস্পতিবার রাতে মেলান্দহের মাহমুদপুর বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে আহত রাশেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা জানান, মেলান্দহ-মাদারগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যমুনা মার্কেটের শফিক আহমেদের সাদিয়া এন্টারপ্রাইজের সার ও কীটনাশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ আবুল কাশেম জানান, অগ্নিকাণ্ডে একটি টিনের দোকান, দুটি সার-কীটনাশকের দোকানসহ ১০টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে রাত একটার দিকে ইউএনও তামিম আল ইয়ামীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।