মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাক

প্রবল মানসিক চাপ বা স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হতে পারে কি না—এ নিয়ে এতদিন বিশেষজ্ঞগণ দুই ভাগে বিভক্ত ছিলেন। বেশির ভাগের মত ছিল—মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাক হতে পারে। আর অন্য গ্রুপ মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকির ব্যাপারে যথেষ্টভাবে নিশ্চিত হতে পারছিলেন না; কিন্তু সম্প্রতি এক হাই কোয়ালিটি গবেষণায় বিশেষজ্ঞগণ নিশ্চিতভাবে বলেছেন, অবশ্যই প্রবল মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাকের মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ৭ হাজার পুরুষ ও মহিলা কর্মজীবীর ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য দিয়েছেন ব্রিটেনের একদল বিশেষজ্ঞ। যাদের গড় বয়স ছিল প্রায় ৫০ বছর।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির বিশেষজ্ঞের অভিমত—উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো প্রবল মানসিক চাপও হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণর্। আর উচ্চ রক্তচাপও মানসিক চাপের কারণে যাদের শারীরিক ও মানসিক সমস্যা হয় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ।

এ ছাড়া গবেষণায় বিশেষজ্ঞগণ হার্ট অ্যাটাকের ঝুঁকির ক্ষেত্রে ৯টি কারণ উল্লেখ করেছেন। আর তা হচ্ছে—ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, শারীরিকভাবে কম পরিশ্রমের কাজ করা বা ব্যায়াম না করা, অতিরিক্ত ওজন, মানসিক অবসাদ, বয়স এবং ফ্যামিলি হিস্ট্রি অব হার্ট ডিজিজ বা পরিবারে অন্য কারো হৃদরোগ সমস্যা থাকা ইত্যাদি। শুধু ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর নয়, বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞদেরও অভিমত—যাদের হৃদরোগ বা হৃদরোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা উচিত।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ