ভারতীয় ক্রিকেটে অধিনায়ক বিরাট কোহলি যুগের অবসান হয়েছে। এখন তিনি কেবল একজন ক্রিকেটার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজ শেষে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন কোহলি। এর আগে গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টির অধিনায়ক পদ থেকে ইস্তফা দেন এবং ডিসেম্বরে ওয়ানডের নেতৃত্ব তার কাছ থেকে কেড়ে নেয় বিসিসিআই।
এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। যার রেশ এখনো কাটেনি। এবার ইস্যুটি নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার বোমা ফাঁটালেন। তার মতে, বিরাট কোহলি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়েননি, তাকে বাধ্য করা হয়েছে।
বার্তা সংস্থা এএনআইকে শোয়েব আখতার বলেন, ‘বিরাট নেতৃত্ব ছাড়েনি, সে এটা করতে বাধ্য হয়েছে। এটা তার জন্য সেরা সময় নয়, তাকে প্রমাণ করতে হবে সে কী। সে কি ইস্পাত বা লোহার তৈরি? সে মহান ব্যক্তি এবং ক্রিকেটার।’
এ সময় কোহলিকে উদ্দেশ্য করে কিংবদন্তি এই পেসার বলেন, ‘অনেক কিছু চেষ্টা করার দরকার নেই। কেবল মাঠে যান এবং ক্রিকেট খেলুন। সে একজন দুর্দান্ত ব্যাটার। বিশ্বের অন্য কারও চেয়ে সে বেশি অর্জন করেছে। তাকে কেবল সেখানে (পিচ) যেতে হবে এবং স্বাভাবিক খেলা খেলতে হবে।’