নেপিয়ার, ক্রাইস্টচার্চ হয়ে ডানেডিনে তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু হ্যামিল্টন হলেও প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ক্রাইস্টচার্চে অবস্থান করছে। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৪টায় শুরু হয়ে যাওয়ার কথা দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। যেখানে শুধু স্বাগতিক ক্রিকেটাররা নন সফরকারীদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে ক্রাইস্টচার্চের প্রবল বাতাসও।
তীব্র বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়া এই কন্ডিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাতাস প্রবাহের দিকে, বাতাস প্রবাহের উল্টো দিকে বোলিং করাটা সহজ কর্ম নয়। এই বাতাসের কারণে বলও নড়ে যাচ্ছে। উইকেটে ঠিক জায়গায় বল ফেলাটা কঠিন হয়ে যাচ্ছে বোলারদের জন্য। বাংলাদেশের টেস্ট দলের সদস্য আবু জায়েদ রাহী বলছেন, প্রস্তুতি ম্যাচে দলের বড় টার্গেট থাকবে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। এই পেস বোলার বলেছেন, বাতাসের কারণে বোলিং করতে কষ্ট হচ্ছে সবার।
গতকাল ক্রাইস্টচার্চে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের সময় রাহী সাংবাদিকদের বলেছেন, এখানে ঠিক জায়গায় বল ফেলাও কঠিন। ডানহাতি এই পেসার বলেছেন, ‘এই জায়গার বাতাস অনেক ভারী। আমরা এটা নিয়েই কাজ করব কালকের ম্যাচটাতে (প্রস্তুতি ম্যাচ)। যাতে পেসাররা জায়গায় বোলিং করতে পারি। আজকে (গতকাল) বোলিং করেছি, অনেক কষ্ট হয়েছে। কারণ বাতাসের জন্য বল নড়াচড়া করছে। অনুশীলন ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে।’
টেস্ট দলের দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক নিউজিল্যান্ড গিয়েছেন ৮ ফেব্রুয়ারি। আরও চার ক্রিকেটার দেশ ছেড়েছেন ১৫ ফেব্রুয়ারি। তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এবাদত হোসেনরা নিউজিল্যান্ড গিয়ে টানা অনুশীলন করেছেন। আর প্রায় দুই সপ্তাহের অনুশীলনের পর কন্ডিশনে মানিয়ে নেওয়ার আশা করছেন রাহী। তিনি বলেছেন, ‘আগে বলতে আমরা প্রায় ১২-১৪ দিন আগে এসেছি। আমার কাছে মনে হয় এই কন্ডিশনের সঙ্গে এত দিনে আমরা মানিয়ে নিতে পেরেছি।’
ক্যারিয়ারে তিনটি টেস্ট খেলেছেন রাহী। ২৫ বছর বয়সী এই পেসার নিয়েছেন আট উইকেট। টেস্টে ভালো করতে শুরুতে উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে রাহী সেই চেষ্টাই করবেন। তিনি বলেছেন, ‘শুরুর দিকে উইকেট তুলে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেটে। আমরা পেসাররা চেষ্টা করব যাতে প্রথমেই উইকেট এনে দিতে পারি।’
ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্সও খুব আশা জাগানিয়া নয়। সাকিব আল হাসান ছাড়া দলটার ভারসাম্য, লড়াইয়ের শক্তিতে বেশ হেরফের হবে। তারপরও টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতেই হবে। রাহী জানিয়েছেন, বোলারদের মূল টার্গেট থাকবে ২০ উইকেট নেওয়া। তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো ২০ উইকেট। কারণ একটা টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতেই হবে। আমরা সেই রকমই চেষ্টা করতেছি।’
বাংলাদেশের টেস্ট দলের পেস আক্রমণটা এখন সিলেটের তরুণদের দখলে। মুস্তাফিজুর রহমান ছাড়া তিন ডানহাতি পেসার রাহী, খালেদ, এবাদত সিলেটের ছেলে। এর মধ্যে রাহীর ভরসা নিয়ন্ত্রিত লাইন লেন্থ। আর খালেদ, এবাদত বল হাতে গতির ঝড়ও তুলে প্রতিপক্ষকে ভড়কে দিতে পারেন। উইকেট, কন্ডিশন স্পিন সহায়ক নয়। সাকিবও নেই। তাই নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্টে পেসাররাই হবে বাংলাদেশের বাজির ঘোড়া।