ব্যাটে-বলে উজ্জ্বল নবী

বাজে শুরুর পর সপ্তম উইকেট জুটির দৃঢ়তায় লড়াই করার মতো একটা পুঁজি পেল আয়ারল্যান্ড। দ্রুত আফগানিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়ে বোলিংয়ে শুরুটা হলো দারুণ। তবে বোলিংয়ে ভালো করা মোহাম্মদ নবী ব্যাটিংয়েও পথ দেখালেন দলকে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে এনে দিলেন জয়।

দেরাদুনে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে আফগানিস্তান। ১৩৩ রানের লক্ষ্য চার বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে এ নিয়ে টানা অষ্টম জয় পেল আফগানরা। আঁটসাঁট বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ অলরাউন্ডার নবী।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। দুই অফ স্পিনার নবী ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য সংগ্রাম করতে হয় আইরিশ ব্যাটসম্যানদের। ভালো শুরুটা বড় করতে পারেননি পল স্টার্লিং ও স্টুয়ার্ট টম্পসন। প্রথম ছয় ব্যাটসম্যানের বাকি চারজন যেতে পারেননি দুই অঙ্কে। দ্বাদশ ওভারে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে আয়ারল্যান্ড। সেখান থেকে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে দলকে লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দেন জর্জ ডকরেল ও স্টুয়ার্ট পয়েন্টার। ডকরেল ২৮ বলে করেন ৩৪, কিপার ব্যাটসম্যান পয়েন্টার সমান বলে ৩১। নবী ১৬ রানে নেন ২ উইকেট। লেগ স্পিনার রশিদ খান ২ উইকেট নেন ২১ রানে।

রান তাড়ায় অষ্টম ওভারে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। ২০১৩ সালের পর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে না হারা দলকে পথ দেখান নবী ও নাজিবউল্লাহ জাদরান। এক-দুই রান নিয়ে সচল রাখেন রানের চাকা। নিজেদের জোনে বল পেলে তুলে নেন বাউন্ডারি। চার হাঁকিয়ে ম্যাচ শেষ করা নবী ৪০ বলে করেন ৪৯ রান। ষষ্ঠ উইকেটে তার সঙ্গে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়া জাদরান ৩৬ বলে করেন ৪০।  অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন নবী।

আগামী শনিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।-বিডি নিউজ

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩২/৬ (স্টার্লিং ২৩, ও’ব্রায়েন ৫, বালবার্নি ৫, টম্পসন ১৮, সিমি ৯, ডকরেল ৩৪*, গেটকেট ০, পয়েন্টার ৩১*; মুজিব ৪-০-২০-১, ফরিদ ৪-০-৩৪-০, জানাত ৩-০-২৯-১, নবী ৪-০-১৬-২, রশিদ ৪-০-২১-২, আশরাফ ১-০-৬-০)

আফগানিস্তান: ১৯.২ ওভারে ১৩৬/৫ (জাজাই ১১, আফগান ৫, শিনওয়ারি ১৭, জানাত ০, নবী ৪৯*, আশরাফ ৬, জাদরান ৪০*; র্যানকিন ২/৩৯, চেইস ১/২৭, লিটল ১/২৮, টম্পসন ০/১২, গেটকেট ১/২১, সিমি ০/১, ডকরেল ০/৭)

ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী