প্রিমিয়ার লিগ টি-২০

দেশীয় ক্রিকেটারদের জন্য বড় সুযোগ

এই তো জানুয়ারিতে মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমিতে বসেছিল ক্রিকেটারদের মেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর উপলক্ষে একাডেমি মাঠে দলগুলোর দেশি-বিদেশি ক্রিকেটাররা অনুশীলন করেছেন পালাক্রমে। দরজায় কড়া নাড়ছে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ওয়ানডে ফরম্যাটের এই লিগের আগে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবই অংশ নেবে এই টুর্নামেন্টে।

গতকাল বিসিবি একাডেমি মাঠে ফিরে এলো পুরনো দৃশ্য। মাঠে ছড়িয়ে ছিটিয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। টি-২০ টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রুপগঞ্জ অনুশীলন করেছে দুপুরের আগে। ক্রিকেটারদের পদচারণায় আবার মুখরিত হয়েছে মিরপুর স্টেডিয়াম।

প্রিমিয়ার লিগের টি-২০ টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। মিরপুর স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তাই আগামী কয়েকদিনও বিসিবি একাডেমি মাঠে চলবে ক্লাবগুলোর অনুশীলন।

গত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। সদ্যসমাপ্ত বিপিএলে দেশীয় ক্রিকেটারদের ম্লান পারফরম্যান্সের পর আলোচনা আরও উচ্চকিত হয়েছে। অবশেষে বিপিএলের বাইরে দেশীয় ক্রিকেটারদের জন্য একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্টকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন নুরুল হাসান সোহান ও নাদিফ চৌধুরী। তারা দুজনই বিপিএলে খেলেছেন। বিপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা এই টুর্নামেন্টে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন বলেই মনে করেন তারা।

প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান। গতকাল তিনি বলেছেন, ‘বিপিএলে হয়তো কিছু সংখ্যক প্লেয়ার খেলে। কিন্তু আমাদের প্লেয়ারদের জন সবচেয়ে বড় আসর হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এমন আসরে টি-টুয়েন্টি থাকা মানে, যারা বিপিএলে সুযোগ পাচ্ছে না। তাদের জন্য একটা বড় সুযোগ। হয়তো এখানে একটু ভালো করলে সামনের ডিসেম্বরে আবার বিপিএল আসবে। এটা অনেক বড় সুযোগ তাদের জন্য। আমি মনে করি, সবার জন্যই এটা খুব ভালো হবে।’

অভিজ্ঞ নাদিফ চৌধুরী প্রিমিয়ার লিগ খেলবেন মোহামেডানের হয়ে। টি-২০ টুর্নামেন্টের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নাদিফ চৌধুরী বলেছেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ এখান থেকে নতুন প্লেয়ার উঠে আসতে পারবে যেই সুযোগটা পায় না সবাই। যদিও অনেক ছোট টুর্নামেন্ট, তারপরও একটা ভালো সুযোগ থাকবে লোকাল নতুন প্লেয়ারদের জন্য। আমার মনে হয় অনেক ভালো হবে।’

এই টুর্নামেন্টকে আবার ওয়ানডে ফরম্যাটের প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। ক্লাবগুলো দেখে নিতে পারবে স্কোয়াডের ক্রিকেটারদের ফর্ম। নুরুল হাসান সোহান বলছেন, টুর্নামেন্ট শুরু হলে মূল লিগের প্রস্তুতির বাইরেও সব ক্লাবই টি-২০ টুর্নামেন্ট জেতার জন্যই খেলবে।

বিসিবি একাডেমি মাঠে গতকাল উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, ‘আসলে আপনি যতই মনে করেন যে এটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, খেলা শুরু হলে সবাই ওইভাবে নিবে না। সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে বা ফাইনালে খেলার জন্যই খেলবে। শেষ পর্যন্ত দেখবেন প্রতিদ্বন্দ্বিতা হবে। যারা ভালো করবে তারাই জিতবে। অবশ্যই প্রিমিয়ার লিগের আগে এই টুর্নামেন্ট সবাইকে উজ্জীবিত করবে ভালো খেলার জন্য।’