অনশনে বাধা প্রদানকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবি জবি ছাত্র ফ্রন্টের

শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে জবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে বাধা দেয়া ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি সুমাইয়া সোমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। এসময় ছাত্রলীগ কর্মীরা এতে বাধা দিয়েছে বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসাইনসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ছিড়ে ফেলে এবং কর্মসূচিতে বাধা প্রদান করে। এসবের মধ্য দিয়ে তারা অতীত ইতিহাসের জঘন্যতম কাজের পরিচয় দেয়। ছাত্রলীগের এহেন চরিত্রে আমরা তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।'