কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে জামাতের শাখা সংগঠন ফালাহ-এ-ইনসানিয়াতকেও। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে হাফিজের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জামাত-উদ-দাওয়াই জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। ২০০২ সালে পাকিস্তানে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে জামাতের নাম নিয়েই সে দেশে হাফিজের দল সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২০০৮ সালে মুম্বাইয়ে ২৬/১১ হামলার পর থেকেই নয়াদিল্লি হাফিজ সাইদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে। কিন্তু তারপরেও জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করেনি ইসলামাবাদ। কয়েকদিন গৃহবন্দী রেখে তাকে ফের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।