নির্বাচনের আগে সারাদেশে ভুয়া খবর এবং গুজব আটকাতে ফের উদ্যোগী হলো ভারতের সংসদ। পরের মাসের শুরুতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের প্রতিনিধিদের হাজির হওয়ার নির্দেশ দিল এই বিষয়ে গঠিত সংসদীয় কমিটি। খবর আনন্দবাজার পত্রিকার
বেশ কিছুদিন ধরেই ভুয়া খবর আর গুজবকে হাতিয়ার করে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার হচ্ছেন বহু সাধারণ মানুষ। নির্বাচন এগিয়ে আসার সঙ্গেই এই খবর ছড়ানোর প্রবণতা বাড়ছে বহু গুণে। পাল্লা দিয়ে বাড়ছে হিংসাও। সেই কারণেই বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি ডেকে পাঠাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সংস্থার প্রতিনিধিদের। ভুয়া খবর আটকাতে এই সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো কী ভূমিকা নিয়েছে, তাই শোনা হবে আগামী ৬ মার্চের এই বৈঠকে। যদিও এসব সংস্থার আন্তর্জাতিক কর্তা নাকি ভারতীয় প্রতিনিধি, কাদের ডেকে পাঠানো হয়েছে, তাই নিয়ে জারি আছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম।
এর আগে টুইটারের মালিক জ্যাক ডোরসে-কেও ডেকে পাঠিয়েছিল ভারত। কিন্তু তিনি আসতে পারেননি। শুক্রবার টুইটার অবশ্য জানিয়েছে, ‘এই বিষয়গুলো সারা পৃথিবীর সমস্যা। আগামী সোমবার সংস্থার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট কলিন ক্রোওয়েল ভারতের সংসদীয় কমিটির সামনে হাজির হবেন।’
নির্বাচনের আগে নিজে থেকে তত্পর হয়েও বেশ কিছু ব্যবস্থা ইতোমধ্যেই নেওয়ার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো। নির্বাচনের আগে আসল তথ্য যাচাই করতে সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে গুগলের মতো সংস্থা।