পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডাতেও করা হয় বিশেষ প্রার্থনা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী।
এর আগে বিশেষ দোয়া ওমোনাজাত অনুষ্ঠিত হয়। চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করা হয় মোনাজাতে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের শোক কাটিয়ে ওঠার জন্য মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম।
গায়েবানা জানাজা ও বিশেষ মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, ধর্মসচিব মো. আনিছুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
এদিকে বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিএনপির উদ্যোগেও বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া ধানমন্ডি, জিগাতলা, কলাবাগান, শংকর ও হাজারীবাগের বিভিন্ন মসজিদেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরসহ ফার্মগেট ও ইস্কাটনে অবস্থিত গীর্জায়ও বিশেষ প্রার্থনা করা হয়।
চুড়িহাট্টা মসজিদে কান্নার রোলঃ পুড়ে যাওয়া ভবনের ১৫ ফুট উত্তরে অবস্থিত চুড়িহাট্টা শাহী মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। এ সময় চুড়িহাট্টাবাসী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। মোনাজাতে চুড়িহাট্টা শাহী মসজিদের ইমাম বলেন, ‘হে আল্লাহ, যারা এ ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। তাদের পরিবারকে শোক সহ্য করে ধৈর্য ধরার ক্ষমতা দান করুন।’ নামাজ শুরুর আগে স্থানীয় এমপি হাজী সেলিম তার এক সহযোগীর মাধ্যমে এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আমার আদেশ ও অনুরোধ, আপনারা কেউ নিজের বাসায় কেমিক্যালের গোডাউন ভাড়া দেবেন না।’