সব ফুটবলার এখন ফিরে গেছেন আন্তর্জাতিক সূচির বিরতিতে। খেলবেন নিজ নিজ জাতীয় দলের দায়িত্বে। সেই বিরতি শেষ হওয়ার আগেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ চেয়েছিলো দলটির ব্রাজিলিয়ান ফুটবলারদের দলে ফেরাতে। কিন্তু সেই অনুরোধ রাখেনি দক্ষিণ আমেরিকার দেশটি।
বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলবে ব্রাজিল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ইকুয়েডরের মুখোমুখি হবে তিতের শিষ্যরা। এরপর আগামী বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা।
এ দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে রয়েছেন রিয়াল মাদ্রিদের ৪ খেলোয়াড়। ক্যাসেমিরো, রদ্রিগো, এডের মিলিটাও এবং ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল চেয়েছিল এক ম্যাচ খেলেই যেনো ছেড়ে দেওয়া হয় তাদেরকে। কেননা আগামী ৩ ফেব্রুয়ারি কোপা দেল রে’র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রিয়ালের।
কিন্তু স্প্যানিশ ক্লাবের এই অনুরোধ রাখতে পারেনি ব্রাজিল। দেশটির ফুটবল ফেডারেশনের পরিচালক জুনিনহো স্থানীয় বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের ছাড়ছি না। ফিফার বিরতি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে খেলোয়াড়দের। প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে কি না।’
শুধু রিয়াল নয়, আরও অনেক ক্লাবের কাছ থেকেও একই অনুরোধ পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা শেষ পর্যন্ত (২ ফেব্রুয়ারি) আমাদের সঙ্গে থাকবে। তাদের ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা এরকম কোনো নজির স্থাপন করতে পারি না। অন্যান্য ক্লাবের কাছ থেকেও আমাদের কাছে অনুরোধ ছিল।’