গোপালগঞ্জের বেদগ্রামের জাকিয়া মল্লিক হত্যা মামলায় তার স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেনের আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এদিন রায় প্রস্তুত না হওয়ায় ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন বিচারক।
রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী বাদীপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইঞা এ বিষয়টি জানান।
মামলার আসামিরা হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, নিশানের ভাই এহসান সুশান, ভগ্নিপতি হাসান শেখ ও ম্যানেজার আনিছুর রহমান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালে নিশানের সঙ্গে জাকিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নিশানের ও তার পরিবারের সদস্যরা এক কোটি টাকা যৌতুকের জন্য জাকিয়ার ওপর চাপ সৃষ্টি করতো। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। সন্তানের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করতেন জাকিয়া।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দিনগত রাতে আসামিরা জাকিয়ার কাছে মোর্শেদায়ান নিশানের নামে ঢাকায় ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য এক কোটি টাকা যৌতুক দাবি করেন। জাকিয়া যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আসামিরা জাকিয়াকে জোর করে শোয়ার ঘর থেকে রান্নার ঘরে নিয়ে যায়। মোর্শেদায়ান নিশান অন্যান্য আসামিদের প্ররোচনায় কুপিয়ে হত্যা করেন।