ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার জেলা ও দায়রা জজ
আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা মো. সাব্বির ফয়েজকে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
সাতক্ষীরায় জন্মগ্রহণকারী মো. শাহজাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও কাজ করেছেন। এছাড়া বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

