সারা দেশের বিভিন্ন স্থানে কথিত বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী নিহতদের চারজন মাদক ব্যবসায়ী ও একজন ডাকত। গত বৃহস্পতিবার গভীর রাত ও গতকাল শুক্রবার ভোরে এসব ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে দয়াগঞ্জে অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে ও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চলায়। এ সময় হযরত আলী গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। হত্যা ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি হযরত আলী (৩৫)। ঘটনাস্থল থেকে ১১শ’ পিস ইয়াবা, একটি ককটেল উদ্ধার করা হয়।’ ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর—
ময়মনসিংহ ও ত্রিশাল: ময়মনসিংহে পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হিরোইন ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরকসহ সাতটিরও বেশি মামলা রয়েছে।
খুলনা: গত বৃহস্পতিবার গভীর রাতে খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মাসুদ রানা নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলা এলাকার আব্দুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, রানার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।
টেকনাফ (কক্সবাজার): গতকাল ভোরে টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুর জেলা সদর থানার শাকচর গ্রামের চারহাজার পিস ইয়াবাসহ মোঃ বেলাল (২৫) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে চারহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মরিচ্যা চেকপোস্টে বিজিবির হাতে তিনি আটক হওয়ার পর রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এদিকে গতকাল ভোরে উপজেলার দমদমিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনসার ক্যাম্পে হামলাকারী, অস্ত্র ও বুলেট লুট মামলার আসামি, কথিত আরসা কমান্ডার ও রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণকারী ডাকাত সর্দার নুর আলম ওরফে কমান্ডার জুবাইর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও বুলেট উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মৃত হোসেন প্রকাশ লাল বুইজ্জার ছেলে ডাকাত নুরুল আলম (৩০)।