বরিশালে খাস জমির দখলদার ৩১ জনের নাম প্রকাশ করেছে ভূমিহীনদের সংগঠন বাংলাদেশ কৃষক ফেডারেশন নামক একটি সংগঠন। এ তালিকায় রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা ও জন প্রতিনিধিদের নাম। এদের বিরুদ্ধে প্রায় ১২৩ একর খাস জমি জবর দখলের অভিযোগ এনে স্বরাষ্ট্র, ভূমি মন্ত্রণালয়, সচিবলায়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর গতকাল শুক্রবার স্মারকলিপি প্রদান করেছে ওই সংগঠনটি। স্মারকলিপিতে দখলকৃত খাস জমি উদ্ধার পরবর্তী প্রকৃত ভূমিহীনদের মাঝে সুষ্ঠু বণ্টনের দাবি জানিয়েছে সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, নদীর চর ও সরকারি খাস জমি সকল দলীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ দখল করে শিল্প কারখানা, মিল, ইটভাটা, ডকইয়ার্ড, সীমানা প্রাচীর, বহুতল ভবন, বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলেছে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, রসূলপুর চরে ৮০ শতাংশ খাস জমি দখল করে ২০টি ভিটা বিক্রি, একই এলাকায় খাস জমিতে একশ ঘর তুলে তা বিক্রি ও ভাড়া বাণিজ্যের অভিযোগ করেছেন এক ব্যক্তির বিরুদ্ধে। নগরীর দুই কাউন্সিলরের বিরুদ্ধে ৬০ শতাংশ জমিতে ৪১টি স্থাপনা ও এক একর জমি দখল করে সীমানা প্রাচীর করে ১শ’টি প্লট বিক্রির অভিযোগ করা হয়েছে স্মারকলিপিতে। বাংলাদেশ কৃষক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি ও বরিশাল জেলার সভাপতিহারুন ভান্ডারী বলেন, যে জমি ও দখলদারদের তালিকা প্রকাশ করা হয়েছে তার দলিল-পর্চাসহ পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। খাস জমি সঠিক ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জন্য অনেক আগে থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। এসব করতে গিয়ে আমরা অবৈধ দখলদারদের তালিকা খুঁজে পাই। যা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।