নালিতাবাড়ীতে ভাঙা সেতুতে এলাকাবাসীর ভোগান্তি 

নালিতাবাড়ীর সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকায় পাহাড়ি কোচপল্লী খলচান্দা গ্রামে যাওয়ার ঝরনার ওপর নির্মিত মিনি সেতুটি ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পোড়াগাঁও ইউনিয়নসহ আশ-পাশের কয়েকটি গ্রামের মানুষ। 

জানা গেছে, উপজেলার খলচান্দা, কোচপাড়া, আন্দারুপাড়া, বরুঙ্গা গ্রামসহ বারমারী এলাকায় যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে এনজিও ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পাহাড়ি ঝরনার ওপর সেতুটি নির্মাণ করা হয়। বছর দুই আগে বালু বোঝাই একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় একাংশ ভেঙে দেবে যায়।

গ্রামবাসী জানান, কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। খলচান্দা গ্রামের পরিমল কোচ বলেন, এই সেতু দিয়ে চার-ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। এটি মেরামতের কোনো উদ্যোগ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছেন। একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও জুলফিকার আলী ভুট্টো জানান, গ্রামের মানুষ যদি অসুস্হ হয় তবে কষ্ট করে ভাঙা সেতু পার হতে হয়। কোনো গাড়ি চলাচল করতে পারে না। তাই নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান তারা। 

নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া ঐ সেতুটির দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।