শেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নিহত জিন্নাত আলীর স্বজনরা হামলায় অভিযুক্ত ভাতিজার বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী কাজীরচর গ্রামের মৃত তনু শেখের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাবেক গাড়িচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জিন্নাত আলীর ওপর হামলা চালান তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও কয়েকজন। এ সময় তারা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জিন্নাত আলীকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, জিন্নাত আলীর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নিহতের পক্ষের লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায় ও বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে একটি বাড়ি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
