বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘এখনো বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্যে একটি মহল তত্পর রয়েছে। যারা বায়ান্ন দেখেনি, একাত্তর দেখেনি, তাদেরকে ‘৫২, ‘৭১ এর ইতিহাস জানানো আমাদের কর্তব্য।’
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি কলেজের বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে ও রূপগঞ্জ প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় কবিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যার নাগরিকদের ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছে বলেই আমরা বাংলা ভাষা পেয়েছি। আর সেই ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। মন্ত্রী আরো বলেন, ‘বাঙালি কখনো মাথা নত করে না এবং কখনো করবে না। এই চেতনায় বাঙালির রাষ্ট্রীয় স্বাধীনসত্তা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’ রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলহাজ্ব আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম প্রমুখ।