আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শরিফ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ ওই গ্রামের সবুর মিয়ার ছেলে। এই ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা বন্ধ ছিল।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, শরিফ পুরিন্দা বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

আড়াইহাজারে বুধবার রাতে কে বা কারা শত্রুতামূলকভাবে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে চাষ করা সব মাছ  মেরে ফেলেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহোন গ্রামের হাজী সোলাইমান জানান, বৃহস্পতিবার সকালে পুকুর পাড়ে গিয়ে তিনি দেখতে পান তার পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেলসহ সব মাছ মরে ভেসে উঠেছে। এলাকাবাসী বলেন, পূর্ব শত্রুতাবশত কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। কিছু মাছ পরীক্ষা করার জন্য উপজেলা মত্স্য অফিসে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন বলেন, ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।