বিশ্ব নেতাদের শোক

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ঢাকায় এক অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এছাড়া এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক শোকবার্তায় সৌদি বাদশাহ বলেন, আমরা ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। আমি সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

একইসঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তার শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।