ভারতীয় দুই শিক্ষার্থীর লুটের মালামাল উদ্ধার, ৭ ডাকাত গ্রেফতার 

ভারতীয় দুই শিক্ষার্থীর কাছ থেকে মালামাল লুটের ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৮ জানুয়ারি ) রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে  রমনা বিভাগের একটি গোয়েন্দা টিম।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি,  লুট করা একটি ল্যাপটপ, ১৮টি মোবাইল, ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও  তিন হাজার  টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. ফখরুল ইসলাম ওরফে ফকু, মো. আলমাস, মো. মামুন, মো. আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ ওরফে আসিক, মো. শাহিন, মো. বাবু ও মো.শফিকুল ইসলাম।

শনিবার (২৯ জানুয়ারি ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, রাজধানী মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থী শাহীল আহমেদ ও আসিফ ইকবাল গত ২৩ জানুয়ারি তাদের হোস্টেল থেকে ভারতে যাওয়ার জন্য রওনা হন। ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে তারা আউটার সার্কুলার রোডের গ্রামীণ চেক শো-রুমের সামনে পৌঁছালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। পরে মুখোশধারী ৪ জন লোক তাদের সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নেয়।  

তিনি আরও জানান, এ ঘটনায় সময় গ্রেফতারকৃতরা ওই দুই শিক্ষার্থীর গলায় চাপাতি ঠেকিয়ে একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি, ৭ হাজার ৬০০ বাংলাদেশি টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রমনা মডেল থানায় ওই দুই শিক্ষার্থী মামলা করেন । মামলাটি থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।