খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী তাকে আমরা তুলে এনেছি। তুলে আনার পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলাতেই তাকে তুলে আনা হয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়েছিল।
ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে’ জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ।
এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়।
