নালিতাবাড়িতে কার্টনে মোড়ানো অবস্থায় দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার গাগলাজানি খরাঘাট এলাকার ব্রিজের নিচ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে খরাঘাট এলাকায় ব্রিজের নিচে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলো। এসময় মাছ ধরা এক পর্যায়ে দুপুরের দিকে পানির নিচে কার্টন সদৃশ্য একটি বস্তু তার হাতে লাগে। সে কিছু একটা আছে ভেবে কার্টনটি ডাঙায় তুলে আনেন। পরে কার্টন খুলে সে দেখতে পায় দুইটি মৃত ছেলে নবজাতকের মরদেহ। এসময় সে ভয়ে কার্টনে শিশুর মরদেহ বলে চিৎকার করে এলাকাবাসীকে জানায়। নবজাতকের মরদেহ দুইটি এক নজর দেখতে গ্রামবাসীরা রাস্তায় ও ব্রিজে ব্যাপক ভিড় জমায়। এতে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এমতাবস্থায় স্থানীয় যুবক জনৈক মোশারফ হোসেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ দুইটি উদ্ধার করে।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কে বা কারা লাশটি ফেলে গেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতে কেউ লাশটি ফেলে রেখে যায়। লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।