তুরস্কের মিডিয়ার বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশের মূল্যবোধের ক্ষতি করে এমন বিষয়বস্তু প্রচার করলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শনিবার (২৯ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এরদোয়ান বলেছেন, সমস্ত লিখিত, মৌখিক ও ভিজ্যুয়াল মিডিয়ায় ক্ষতিকারক বিষয়বস্তু প্রকাশে কারণে তুরস্কের 'জাতীয় সংস্কৃতি' রক্ষা করতে এবং শিশুদের বিকাশকে 'প্রতিকূলভাবে প্রভাবিত হওয়া থেকে' প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার।
তবে এরদোয়ান স্পষ্ট করে বলেননি ঠিক কোন ধরনের কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, জাতীয় ও নৈতিক মূল্যবোধকে ক্ষুণ্ন করে এবং পারিবারিক ও সামাজিক কাঠামোকে ব্যাহত করার লক্ষ্যে মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য বা গোপন কার্যকলাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক বছরগুলোতে মিডিয়ার ওপর তদারকি বাড়িয়েছে এরদোয়ান সরকার। দেশটির ৯০ শতাংশের প্রধান মিডিয়ার মালিকানা দেশটির রাষ্ট্র বা সরকারের কাছের কেউ।