ইউক্রেন ইস্যুতে যুদ্ধের দামামা বাজছে পশ্চিমা বিশ্বে। যে কোনো মুহুর্তে বেধে যেতে পারে যুদ্ধ। এর মধ্যে ন্যাটো জোট জানালো ভিন্ন কথা। সংস্থাটির প্রধান জেনস স্টলটেনবার্গ রবিবার (৩০ জানুয়ারি) বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে ইউক্রেনে সেনা পাঠাবে না ন্যাটো।
ইউক্রেনে রাশিয়া হামলা চালালে সেনা মোতায়েন হবে কি না, এমনটি বিবিসি টেলিভিশনে জানতে চাইলে স্টোলেনবার্গ বলেন, ‘ইউক্রেনে হামলা চালালে দেশটিতে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। তবে আমরা সাহায্য দেওয়ার প্রতি মনোযোগ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ন্যাটোর সদস্য হওয়া ও শক্তিশালী এবং অত্যন্ত মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে গত ২৪ জানুয়ারি ন্যাটো জোট ঘোষণা করে, পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে।
ন্যাটো বলে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। ওই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত।
পশ্চিমা এই সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাড়তি সৈন্য প্রস্তত ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে।
ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ডসসহ ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরও জঙ্গি বিমান এবং রণতরী পাঠাচ্ছে। তথ্যসূত্র: বিবিসি।