দাকোপে জরাজীর্ণ কোয়ার্টারে ঝুঁকি নিয়ে বসবাস

দাকোপ (খুলনা) সংবাদদাতাদাকোপে উপজেলা পরিষদের আবাসিক স্টাফ কোয়ার্টারগুলো মারাত্মক জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত্ ঝুঁকি নিয়ে এসব কোয়াটারে বাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ব্যাচেলারসহ মোট সাতটি কোয়াটার রয়েছে। এসব পুরোনো জরাজীর্ণ কোয়াটারে কর্মকর্তা ও কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে বাস করে আসছেন। কোয়ার্টারগুলো দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। তাছাড়া যেখান সেখান থেকে খসে পড়ছে ছাদের পলেস্তারা। বৃষ্টি হলে ছাদের বড় বড় ফাটল দিয়ে পানি চুইয়ে পড়ে প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়। এছাড়া কোয়ার্টারগুলোর জানালা দরজার অবস্থা অত্যন্ত শোচনীয়। সারাক্ষণ চুরি হওয়ার আতঙ্কে দিন কাটছে তাদের।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় বলেন, কোয়ার্টারগুলো দীর্ঘদিন সংস্কার না করায় অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। তার পরও অন্য জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন নিয়ে বাস করে আসছি। তাছাড়া অনেক আগে থেকেই আমি মাসিক সভায় অযোগ্য কোয়ার্টারগুলো পরিত্যক্ত ঘোষণা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছি। নিজেও কয়েক হাজার টাকা খরচ করে সংস্কার করেছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস জানান, বর্তমানে কোয়াটারগুলো সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে। নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান ইত্তেফাককে জানান, কোয়ার্টারগুলোর অবস্থা এতই খারাপ যে বসবাসের পরিবেশ নেই বললেই চলে। আগেও মাসিক সভায় আলোচনা হয়েছে। আবারও আলোচনা করে নতুন ভবন চেয়ে মন্ত্রণালয় চিঠি পাঠানো হবে।