গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে মোসলেম সরদার (৫০) হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। 

মোসলেম সরদার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২) ও একই গ্রামের জালাল সিকদারের ছেলে ইকু সিকদার (৪৫)। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-কাজুলিয়া ইউনিয়নের রায়পাশা গ্রামের বাচ্চু শেখের ছেলে পলাশ শেখ (৩২), দত্তডাঙ্গা গ্রামের আজিজুল সিকদারের ছেলে ইমামুল সিকদার (৩৭), সুলতান শেখের ছেলে মোরসালিন শেখ (৪২), সদন সিকদারের ছেলে সাকায়েত সিকদার (৮৪), জালাল সিকদারের ছেলে আজিজুল সিকদার (৬৫) ও আলী মুন্সীর ছেলে ওসমান মুন্সী (৪৫)। এরমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল সিকদার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মোসলেম সরদারকে কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ি বিলের মধ্যে নিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে গোপালগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এরপর ২০০৬ সালের ৩ ডিসেম্বর অজ্ঞাতনামাদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। ২০০৭ সালের ৩০ এপ্রিল পুলিশ ওই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।  

দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় ২ আসামিকে মৃত্যুদণ্ড ও অপর ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।