চৌহালীতে টেকনোলজিস্ট না থাকায় করোনা পরীক্ষা বন্ধ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বাড়ছে করোনা রোগী। এ কারণে হাসপাতালগুলোতে যোগ হচ্ছে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। তবে এই সময়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। হাসপাতালটিতে টেকনোলজিস্ট না থাকায় গত দেড় মাস ধরে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জ্বর, ঠান্ডা ও কাশি (করোনা উপসর্গ) নিয়ে করোনা পরীক্ষা করতে এসে রোগীরা ফিরে যাচ্ছেন। এদের মধ্যে আয়শা সিদ্দিকাসহ অনেকে বলেন, আমাদের উপজেলায় করোনা পরীক্ষা বন্ধ থাকায় পার্শ্ববর্তী উপজেলা বেলকুচি ও নাগরপুরে নমুনা পরীক্ষা করতে গিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বেসরকারি হাসপাতালে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হচ্ছে।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুল কাদের বলেন, চৌহালীতে দুই জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) ছিল। তাদের বদলিজনিত কারণে গত দেড় মাস ধরে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, চৌহালীতে করোনা পরীক্ষা শুরু করতে দ্রুত মেডিক্যাল টেকনোলজিস্ট দেওয়া হবে।