ফুসফুস ক্যানসার অতি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সর্তক হওয়া ভীষণ জরুরি। যেকোনো ক্যানসারের লক্ষণ সাধারণত টের পেতে অনেক দেরি হয়ে যায়। ততদিনে ক্যানসার ছড়িয়ে পড়ে জটিল পর্যায়ে পৌঁছে যায়। শ্বাসতন্ত্রের যাবতীয় রোগের মাঝে ফুসফুসের ক্যানসার সবচেয়ে মারাত্মক।
ফুসফুসের শ্বাসনালী, বায়ুথলি ও মিউকাস গ্ল্যান্ডের এপিথেলিয়াম কোষ থেকে সৃষ্ট ক্যানসার হলো ফুসফুস ক্যানসার। বিশ্বব্যাপী পুরুষের মৃত্যুর প্রথম কারণ ফুসফুসের ক্যানসার এবং নারীদের ক্ষেত্রে দ্বিতীয়। তবে শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো যায়। তাই জানা প্রয়োজন এ রোগের পূর্ব লক্ষণগুলো:
কাশি
বছর জুড়েই কাশির সমস্যা লেগে থাকে? ঠাণ্ডায় সর্দি কাশি হতেই পারে। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাশি সমস্যা হতে থাকে। তাই কারণ ছাড়াই কাশি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
শ্বাসকষ্ট
স্বাভাবিক ভাবে শ্বাস নিতে কষ্ট হলেও ফুসফুসে ক্যানসার বাড়তে পারে। ফুসফুস ক্যানসার শ্বাস নেওয়ার পথে বাঁধা সৃষ্টি করে। তাই অতিরিক্ত শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে ফুসফুস ক্যানসারের পূর্ব লক্ষণ।
গলা ভেঙে যাওয়া
ফুসফুস ক্যানসারে কারণ ছাড়াই গলা ভেঙে যেতে পারে কিংবা গলার স্বর পরিবর্তন হয়ে যেতে পারে। কেননা ফুসফুস ক্যানসার বাড়তে থাকলে তার প্রভাব পড়ে নানা স্তরে।
গায়ে ব্যথা
ফুসফুসে ক্যানসারে সাধারণত বুক, পিঠ ও কাঁধের আশেপাশে ব্যথা হয়ে থাকে। তাই কোন কারণ ছাড়াই যদি বুক, পিঠ, কাঁধে ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে সচেতন হোন।
ক্লান্তি
ক্যানসারে আপনি অতিরিক্ত ক্লান্ত অনুভব করবেন। তবে ফুসফুস ক্যানসারে এ ক্লান্তির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে না পারায় অক্সিজেনের মাত্রা কমে শরীরকে ক্লান্ত করে তোলে। তাই ক্লান্তি মানেই অলসতা নয়, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।