রাঙামাটিতে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়িতে 'দুর্বৃত্তদের' গুলিতে শান্তি কুমার চাকমা(৬২) নামে ওই সদস্য নিহত হন। সন্তু লারমার দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাকে নিজেদের সমর্থক বলে দাবি করেছেন। এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে তারা।
নানিয়ারচর থানার এসআই মো. আবদুল আউয়াল জানান, শনিবার গভীর রাতে ঘিলাছড়ি ইউনিয়নের রামহরি পাড়ায় শান্তি কুমারকে গুলি করে হত্যার খবর পেয়েছেন। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে সেখানে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা জানান, শনিবার রাতে শান্তি চাকমাকে কে বা কারা বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। বাসা থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। পরে নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।