ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা এবং ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বা অন্য বাহিনীর সদস্য এসব ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা না রেখে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও কারও মধ্যে এ ধরনের প্রবণতা থাকলে তা কঠোর নজরদারিতে রয়েছে। যাকে যেখানে চিহ্নিত করা হবে, তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। তবে এসব বিষয়ে সরকার মনোযোগ দিচ্ছে না, বরং সব সময় সতর্ক রয়েছে।
সরকার কোনো চাপ অনুভব করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘কীসের চাপ?’
তিনি বলেন, এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছিল। তবে এর সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত নন। মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। মজুরি বোর্ড তা ঘোষণা করেছে এবং সংশ্লিষ্ট সদস্যরা এতে স্বাক্ষর করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত এই দলকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে তাদের পতন হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, গণহত্যা চালিয়ে ক্ষমতাচ্যুত হওয়া ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জার্মানির নাৎসি বাহিনীর মতো ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের শক্তি একবার পরাজিত হলে তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী গোষ্ঠীকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশও আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের কেউ দেশে ফিরতে চায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি দেখার আছে। সীমান্তের ওপারে বিভিন্ন এলাকায় দলটির কয়েকজন পলাতক নেতা ঘোরাফেরা করছেন বলে তিনি শুনেছেন। তাদের কেউ পশ্চিম সীমান্তে, কেউ পূর্ব সীমান্তে অবস্থান করে দেশে আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশনা দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথা বলা হচ্ছে। তবে দেশের মানুষ তাদের এ ধরনের কর্মকাণ্ড করতে দেবে বলে তিনি মনে করেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করেছে। এতে কোনো প্রাণহানি বা সহিংসতার ঘটনা ঘটেনি। তার দাবি, পতিত আওয়ামী লীগ অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞের মাধ্যমে আগের কর্মকাণ্ড আবার শুরু করতে চেয়েছিল, যা দেশবাসী ও বিশ্ববাসী দেখেছে।
ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে জানিয়ে তিনি বলেন, কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক তৎপরতা চালালে, জ্বালাও-পোড়াও করলে কিংবা জনগণের জীবন ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরুর জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। সেই তদন্ত চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত থাকলে ব্যক্তি ও সংগঠন উভয়কেই বিচারের আওতায় আনা যায়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নির্ধারিত হবে।
