নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন কিলিং মিশনে অংশ নেয়া র্যাব-১১ এর আরো এক সদস্য। তার নাম আরিফ হোসেন। তিনি হাবিলদার পদে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে রবিবার দুপুরে আরিফ হোসেনের জবানবন্দী রেকর্ড করা হয়। অপহরণ থেকে শুরু করে সাতজনকে হত্যার পর লাশের শরীরে ইট বাঁধা ও লাশ নদীতে ফেলে দেয়ার পুরো ঘটনার বর্ণনা করেছেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে আরিফ হোসেন জবানবন্দী দিয়েছেন। এতে সাতজনকে অপহরণ ও হত্যার পুরো বিষয়গুলো বলেছেন।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয় জনের ও ১মে আরও একজনের লাশ পাওয়া নদীতে।