সাত খুন: ডিআইজি নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় রবিবার ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে জনপ্রশাসন মন্¿নালয়ের তদন্ত কমিটি। সচিবালয় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে তাকে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিআইজি নুরুজ্জামান বলেন, ঐ ঘটনায় যেসব বিষয়ে কমিটি আমার কাছে জানতে চেয়েছে, আমি তাই কমিটিকে বলেছি। পাশাপাশি সাত খুনের ঘটনায় নিজের কিছু মতামতও কমিটিকে জানিয়েছি।
অপর দিকে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনায় কারা জড়িত থাকতে পারে, এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি ছিল কীনা -এসব বিষয়ে ডিআইজির কাছে জানতে চেয়েছে কমিটি।
আগামী ৯ সেপ্টম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে কমিটি প্রধান বলেন, ঐ দিন কমিটি অগ্রগতি প্রতিবেদন দেবেন। তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে। এ পর্যন্ত কমিটি ৪’শ মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। ৩০ এপ্রিল ৬ জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে জনপ্রশাসন মন্¿ণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে গঠন করা হয় সাত সদস্যের তদন্ত কমিটি।