বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, ইয়াহিয়া খানের শাসনের পর বাংলাদেশে এমন হুমকির সরকার আর কখনও আসেনি। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে এ সরকার কার্যত মুক্তিযুদ্ধের সকল চেতনাকেই ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, যে উদ্দেশে আমরা সেদিন জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৪৩ বছর পরও সেই লক্ষ্য অর্জিত হয়নি।
শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ২৮ তম বাংলাদেশ কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আতিকুর রহমান খান সালু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
খোকা বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। এই কারণে পতনের ভয় তাদেরকে নিত্য তাড়া করে ফিরছে। অচিরেই তাদের পতন হবে।
ফোবানা সম্মেলন নামে পরিচিত দুই দিনব্যাপী এই বার্ষিক কনভেনশন শনিবার শুরু হয়েছে স্থানীয় ম্যারিয়ট হোটেলে। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন। বাংলাদেশের টক শো আলোচক ড. তুহিন মালিক এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার আমন্¿িত অতিথি হিসাবে সম্মেলনে অংশ নিয়েছেন। এ উপলক্ষ্যে সম্মেলন স্থলে বাংলাদেশি পণ্যের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।