তিন নতুন সচিব নিয়োগ, একজনের দপ্তর বদল

 
জনপ্রশাসনে নতুন তিন জন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া একজন সচিবের পদ বদল করা হয়েছে। রেলওয়েতে একদিনেই ৭৩ কর্মচারীর চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। এছাড়া ৪৬ জনের চুক্তির মেয়ার বাড়ানো হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ খন্দকার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপ/সেট ডিপোর অবসরপ্রাপ্ত ৭৩ জন কর্মচারীকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। অপরদিকে ৪৬ জনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চল যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপ/সেট ডিপোয় চুক্তিতে নিয়োজিত ৪৬ জন কর্মচারীর চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।